সদরঘাটে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ও তাস
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার ডিএসপি ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ৭৭৫ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম হিসেবে এক বান্ডেল তাস জব্দ করা হয়।
পুলিশ জানায়, সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (৩০ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে থানাধীন ডিএসপি ঘাট এলাকার একটি মেসঘরে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. হেলাল উদ্দিন (৪৪), মিজানুর রহমান (৫০), মো. কামাল হোসেন (৩৭), মো. দিলদার (৩৬), মো. নজরুল (৪২) ও বুলবুল (৩৫)।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশের ৯৪ ধারায় সদরঘাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-২৫৫ দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।