| | |

চট্টগ্রাম

চাকরিচ্যুতির সাড়ে ৪ বছর পর আজ দুদকে ফিরছেন আলোচিত শরীফ

দুর্নীতির বিরুদ্ধে একের পর এক আলোচিত অনুসন্ধান চালিয়ে চাকরিচ্যুত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার পথ খুলেছে।

তাকে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল প্রত্যাহার করেছে দুদক।

ফলে সাড়ে চার বছরের বেশি সময় পর জ্যেষ্ঠতাসহ চাকরিতে ফিরতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শরীফ উদ্দিনের জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দীন দোলন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে গত বছর আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছিল দুদক। পরে সেই লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন করে সংস্থাটি। গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি নিষ্পত্তি করে আদেশ দেন।

আদালতের আদেশে বলা হয়, দুদকের পক্ষে উপস্থিত আইনজীবী লিভ টু আপিলটি আর পরিচালনা না করার নির্দেশনা পেয়েছেন বলে জানান। এর পরিপ্রেক্ষিতে মামলাটি না চালানোর কারণে লিভ টু আপিল খারিজ করা হয়।

এ বিষয়ে শরীফ উদ্দিনের আইনজীবী সালাহ উদ্দীন দোলন গণমাধ্যমকে বলেন, ‘আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি মঞ্জুর করেছেন। অর্থাৎ লিভ টু আপিল প্রত্যাহার হয়ে গেল। জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুবিধাসহ শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহাল করতে হাইকোর্ট নির্দেশ দিয়ে রায় দিয়েছিলেন, তা বহাল রইল।’

তিনি আরও জানান, জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের ক্ষেত্রে এখন আর কোনো আইনি বাধা নেই।

এর আগে গত বছরের ৯ জুলাই শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির আদেশ অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছিল।

ক্যাটাগরি