দুই পা হারানো জামালকে ব্যাটারিচালিত রিকশা দিল সাইফুল ইসলাম সাইফ ফাউন্ডেশন
চট্টগ্রাম নগরের বায়েজিদের একটি স্টিল মিলে কাজ করতেন মোহাম্মদ জামাল উদ্দিন। স্বল্প আয়ে পরিবার নিয়ে চলছিল তাঁর সংসার। কয়েক বছর আগে একটি দুর্ঘটনায় দুই পা হারিয়ে কর্মক্ষমতা হারান তিনি। এরপর থেকে জীবিকা নির্বাহসহ দৈনন্দিন জীবনযাপনে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েন নগরের নবীনগর এলাকার এই বাসিন্দা।
দুর্ঘটনার পর পরিবারের ব্যয় মেটানো তো দূরের কথা, নিজের চলাফেরাও কঠিন হয়ে পড়ে জামাল উদ্দিনের। দীর্ঘদিন ধরে এ অবস্থায় থাকার পর তাঁর পাশে দাঁড়িয়েছে ‘সাইফুল ইসলাম সাইফ ফাউন্ডেশন’।
রোববার বিকেলে ফাউন্ডেশনের উদ্যোগে জামাল উদ্দিনকে একটি ব্যাটারিচালিত রিকশা দেওয়া হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁর হাতে রিকশাটি তুলে দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের উদ্যোক্তা সাইফুল ইসলাম সাইফ।
রিকশা পেয়ে জামাল উদ্দিন বলেন, দুর্ঘটনার পর জীবিকা নির্বাহ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে ছিলেন তিনি। দুই পা হারানোর পর স্বাভাবিকভাবে চলাফেরা ও কাজ করা কঠিন হয়ে পড়ে। ব্যাটারিচালিত রিকশাটি পেয়ে তিনি আবারও আয়-রোজগারের সুযোগ পেয়েছেন। এ সহায়তার জন্য সাইফুল ইসলাম সাইফের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
সাইফুল ইসলাম সাইফ বলেন, সমাজের পিছিয়ে পড়া, অসহায়, দরিদ্র ও কর্মক্ষমতা হারানো মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, অসহায় মানুষকে স্বাবলম্বী করে তুলতে কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এর অংশ হিসেবে জামাল উদ্দিনকে ব্যাটারিচালিত রিকশাটি দেওয়া হয়েছে, যাতে তিনি এটি ব্যবহার করে আয় করতে পারেন।
এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, শারীরিকভাবে অসচ্ছল ও কর্মক্ষমতা হারানো মানুষের জন্য এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ। সাময়িক সহযোগিতার পাশাপাশি আয়ের সুযোগ তৈরি করে দেওয়া হলে তাঁদের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি হয়।
তাঁরা সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকে কর্মক্ষমতা হারানো ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।